প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে নিয়মিত খাবার সরবরাহের জন্য হোটেল অবকাশের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী সরবরাহ করা খাবারের বিল সময়ে সময়ে কিছু পরিশোধ করা হলেও বড় একটি অংশ বকেয়া থেকে যায়। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই বকেয়া আদায়ের প্রক্রিয়া থমকে যায়।
হোটেল অবকাশের দেওয়া তথ্যমতে, সাবেক সরকারের বকেয়া প্রায় ২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমান সরকারের বকেয়া, প্রায় ৩৪ লাখ ৭৩ হাজার টাকা (আগস্ট ২০২৪ - জানুয়ারি ২০২৫)। সর্বমোট পাওনা প্রায় ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা।
পর্যটন করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বকেয়া অর্থ আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার বিগত সরকারের আমলের বকেয়া পরিশোধে অপারগতা প্রকাশ করেছে। অন্যদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সময়ের বিল পরিশোধ একটি চলমান প্রক্রিয়া এবং তারা নিয়মিত বিল পরিশোধ করেন। কিছু রানিং বিল বাকি থাকতে পারে যা প্রক্রিয়াধীন।
"বিগত সরকারের বকেয়া পরিশোধে অপারগতা প্রকাশ করছে বর্তমান সরকার। তারা এই দায় নিতে চান না।"
— নাম প্রকাশে অনিচ্ছুক পর্যটন করপোরেশনের কর্মকর্তা।
দীর্ঘদিন বিল বকেয়া থাকায় চরম আর্থিক সংকটে পড়েছে হোটেল অবকাশ। চিঠিতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, তহবিল সংকটে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে বিলম্ব হচ্ছে। কাঁচামাল সরবরাহকারীদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না, যার ফলে তারা মালামাল দিতে অস্বীকৃতি জানাচ্ছে।
বকেয়া থাকা সত্ত্বেও ২০২৫ সালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে পুনরায় এক বছরের জন্য চুক্তি করেছে বাপক। বর্তমানে ৪৬০টি ভিন্ন ভিন্ন আইটেম সরবরাহ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে দেশি-বিদেশি ফল (জামরুল, লটকন, আমড়া, মান্দারিন কমলা), বিভিন্ন উন্নত মানের মিষ্টি (বাকলাভা, রসমালাই, কাঁচা ছানা) এবং নিত্যপ্রয়োজনীয় মসলা ও ঘি।
উল্লেখ্য, এরশাদ আমল থেকেই এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে খাবার সরবরাহ করে আসছে। তবে শেখ হাসিনা সরকারের আমলে ঘনঘন রাজনৈতিক সভা-সমাবেশ ও মেহমানদারির আধিক্যের কারণে বকেয়ার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।