প্রকাশিত:
১ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সাথে সংগতি রেখে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই দুই দিন ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা ইতোমধ্যে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
জাতীয় নির্বাচনের ভোটের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। তার আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারিও (বুধবার) ভোটারদের যাতায়াত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সুবিধার্থে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টানা ৪ দিনের ছুটির কবলে পড়তে যাচ্ছে।
যদিও শাখা পর্যায়ে লেনদেন বন্ধ থাকবে, তবে অনলাইন ব্যাংকিং, অ্যাপ-ভিত্তিক লেনদেন এবং এটিএম (ATM) সেবা সার্বক্ষণিক চালু থাকবে বলে ব্যাংকগুলো জানিয়েছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) ও ইন্টার-ব্যাংক ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে লেনদেনের সীমা নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানা গেছে।