প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশে সোনার দাম একলাফে ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি পেয়ে ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে সেই রেকর্ড স্পর্শ করার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে বড় ধরণের দরপতন শুরু হয়।
টানা দুই দিনে দাম হ্রাসের চিত্র,
শুক্রবার (৩০ জানুয়ারি): ভরিতে কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি): ভরিতে কমেছে ১৫ হাজার ৭৪৬ টাকা।
দুই দিনে মোট দাম কমেছে ৩০ হাজার ৩৮৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর করার ঘোষণা দিয়েছে।
নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী:
২২ ক্যারেট- ২,৫৫,৬১৭ টাকা
২১ ক্যারেট- ২,৪৪,০১১ টাকা
১৮ ক্যারেট- ২,০৯,১৩৬ টাকা
সনাতন পদ্ধতি- ১,৭১,৮৬৯ টাকা
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির মতে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম হ্রাসের পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। তবে মূল প্রভাব এসেছে বিশ্ববাজার থেকে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৫,৫৫০ ডলার থেকে কমে ৪,৮৯০ ডলারে নেমে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীরা অতি মুনাফা তুলে নেওয়া শুরু করায় এবং বৈশ্বিক ভূ-রাজনীতিতে কিছুটা স্থিতিশীলতার আভাস পাওয়ায় স্বর্ণের বাজারে এই বড় ধরণের সংশোধন ঘটেছে।
সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপার দামও। মানভেদে রুপার দাম ভরিতে ৩৫০ টাকা থেকে ৪৬৭ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়।