প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

আদালত সূত্র জানায়, ইউনিলিভার তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিলে সাবেক ওই দুই পরিবেশক একে চ্যালেঞ্জ করে জেলা ও দায়রা জজ আদালতে সালিশি বিবিধ মামলা (নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫) দায়ের করেন। তাঁরা নিয়োগ বাতিলের নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগের ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মামলার আদেশ প্রদানকালে আদালত জানান, পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ বা ‘মেরিট’ না থাকায় মামলাগুলো খারিজ করা হলো। এর ফলে ইউনিলিভারের সিদ্ধান্তটি আইনগতভাবে বৈধ হিসেবে প্রতিষ্ঠিত হলো।
ইউনিলিভারের পক্ষে লড়া আইনজীবীরা আদালতকে জানান, পরিবেশকরা এর আগে ভুল ফোরামে দুটি ঘোষণামূলক ও দুটি অর্থ মামলা দায়ের করেছিলেন, যা আইনগত গ্রহণযোগ্যতার অভাবে আগেই খারিজ হয়ে যায়। এরপর তারা নতুন করে এই সালিশি মামলাগুলো করেন। শুনানিতে ইউনিলিভারের পক্ষ থেকে অভিযোগ করা হয়:
পরিবেশক নিয়োগ বাতিল সম্পূর্ণভাবে চুক্তির শর্ত অনুযায়ী এবং আইনানুগভাবে করা হয়েছে।
সাবেক পরিবেশকরা মামলায় গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
উভয় পক্ষের শুনানি শেষে গত ২৮ জানুয়ারি আদালত মেরিটের ওপর ভিত্তি করে শুনানি গ্রহণ করেন এবং পরদিন চূড়ান্ত রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে ইউনিলিভার বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রমে বিদ্যমান আইনি বাধা দূর হলো। এখন প্রতিষ্ঠানটি নতুন নিয়োগপ্রাপ্ত পরিবেশকদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় নির্বিঘ্নে পণ্য সরবরাহ ও বিপণন চালিয়ে যেতে পারবে।
আদালতে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিম ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। পরিবেশকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) ও ব্যারিস্টার আবির আব্বাস।