প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা। ক্যাপশনে তিনি জানান, অনেকদিন ধরেই বইটি পড়ার তীব্র ইচ্ছে ছিল তাঁর। নিজের জন্য এবং দুই বোনের জন্য মোট তিনটি বই অর্ডার করেছিলেন তিনি।
বর্ষা তাঁর পোস্টে লেখেন, "আলহামদুলিল্লাহ, জীবনে তেমন কিছুই জানি না, তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারি, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন, আমিন।"
সিনেমার রঙিন জগত থেকে বিদায় নেওয়ার পেছনে সন্তানদের আগামীর কথা ভাবছেন বর্ষা। তিনি মনে করেন, বড় হতে থাকা ছেলে-মেয়েদের সুন্দর পরিবেশ ও ধর্মীয় মূল্যবোধ দিতেই তাঁর এই সিদ্ধান্ত। বর্তমানে নতুন কোনো সিনেমায় তাঁকে দেখা না গেলেও মাঝে মাঝে বিভিন্ন সামাজিক ইভেন্ট বা ফটোসেশনে অংশ নিতে দেখা যায় তাঁকে। অবসর সময়ের বড় একটি অংশ তিনি ব্যয় করেন ধর্মীয় গ্রন্থ ও বই পড়ে।
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বর্ষার ক্যারিয়ার শুরু হয়। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।
বর্ষার এই পরিবর্তন ভক্তমহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর এই ধর্মীয় জীবন ও নতুন পথচলাকে সাধুবাদ জানিয়েছেন।