প্রকাশিত:
১ ফেব্রুয়ারী, ২০২৬

গত মাসে মুক্তি পাওয়া ‘ব্যাটল অব গালওয়ান’-এর এক মিনিটের টিজারে সালমান খানকে একজন সেনাপতির ভূমিকায় দেখা যায়। সেখানে লাঠি হাতে সৈন্যদের অনুপ্রাণিত করার সময় তাঁর চাউনি বা লুককে নেটিজেনদের একাংশ ‘রোমান্টিক’ বলে ব্যঙ্গ করেন। যুদ্ধের গম্ভীর আবহে এমন লুক বেমানান বলে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে হয় তাঁকে।
আইএসপিএল ম্যাচে বেঙ্গালুরু স্ট্রাইকার্স ও দিল্লি সুপারহিরোসের লড়াই চলাকালীন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ সালমানকে একটি ব্যাট দিয়ে টিজারের সেই ভঙ্গিটি পুনরায় করার অনুরোধ করেন। তখনই হাসিমুখে ট্রলিংয়ের প্রসঙ্গটি টেনে আনেন সালমান।
সালমান বলেন, “কিছু লোক মনে করে এটা একটা রোমান্টিক লুক। কিন্তু ভাই, আমি এখানে একজন কর্নেলের চরিত্রে অভিনয় করছি। এটা একজন কর্নেলের লুক—যিনি জানেন কীভাবে নিজের দল ও সৈন্যদের অনুপ্রাণিত করতে হয় এবং কঠিন সময়ে আশা জাগাতে হয়।”
তিনি আরও যোগ করেন, “আমি চাইলে অনেক বেশি রাগী বা গর্জনের লুক দিতে পারতাম, কিন্তু গালওয়ানের যুদ্ধের প্রেক্ষাপটে সেটার কোনো মানে হয় না। একজন নেতাকে সবসময় শান্ত ও আত্মবিশ্বাসী হতে হয়।”
প্রকৃত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। ‘সালমান খান ফিল্মস’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন অভিনেতা নিজেই। এই বীরত্বগাথার গল্পে সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-কে।
টিজার নিয়ে ট্রল হলেও ভক্তদের বড় একটি অংশ বড় পর্দায় সালমানের এই নতুন অবতার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।