প্রকাশিত:
১ ফেব্রুয়ারী, ২০২৬

অনেক চলচ্চিত্র বিশ্লেষক ধারণা করেছিলেন যে, দর্শক সংকটে পড়ে ফ্লপ হবে এই তথ্যচিত্রটি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার বিপরীত চিত্র। গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারের পর থেকেই টিকিট বিক্রিতে ব্যাপক গতি সঞ্চার হয়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থেকে দর্শকদের উৎসাহিত করেছেন। বর্তমান প্রবণতা বজায় থাকলে সপ্তাহ শেষে বক্স অফিস তালিকার তৃতীয় অবস্থানে উঠে আসতে পারে ‘মেলানিয়া’, যার ফলে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন সিনেমা ‘শেল্টার’ও পেছনে পড়ে যেতে পারে।
বিতর্কিত নির্মাতা ব্রেট র্যাটনার পরিচালিত এই তথ্যচিত্রটির বৈশ্বিক স্বত্ব কিনতে ‘অ্যামাজন এমজিএম স্টুডিওস’ ব্যয় করেছে প্রায় ৪০ মিলিয়ন ডলার। ফলে এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তথ্যচিত্রে পরিণত হয়েছে। এছাড়া বিপণন ও প্রচারণায় খরচ হয়েছে আরও ৩৫ মিলিয়ন ডলার, যার বড় অংশই ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে।
বিশ্লেষকদের মতে, সিনেমাটির এই বাণিজ্যিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সমর্থন। তিনি নিজেই সমর্থকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন। ফলে রক্ষণশীল দর্শকদের মধ্যে এই তথ্যচিত্রটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যদিও সমালোচকরা ছবিটিকে তীব্র নেতিবাচক রিভিউ দিচ্ছেন, তবে দর্শকদের উপস্থিতিতে তার কোনো প্রভাব এখন পর্যন্ত দেখা যায়নি।