প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে শুভশ্রী নারী শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে প্রশ্ন তোলেন। লগ্নজিতা চক্রবর্তী, মিমি চক্রবর্তী এবং মৌনি রায়ের মতো তারকাদের সাম্প্রতিক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, "বিগত কিছু সময় ধরে দেখছি সেলিব্রেটিরা, বিশেষ করে মহিলা সেলিব্রেটিরা মানুষের কাছে খুব বেশি 'সফট টার্গেট' হয়ে যাচ্ছে। আমরা কি এই অভব্যতা মেনে নিচ্ছি? আমরা কি এই বিষয়গুলোতে খুব বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি?"
আয়োজক ও দর্শকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুভশ্রী আরও বলেন, "আমাদের মাথায় রাখতে হবে আমরা একেকজন শিল্পী এবং সম্মানের জন্যই কাজ করি। অবশ্যই আমরা পারিশ্রমিক পাই, কিন্তু যারা পারিশ্রমিক দেন তারা আমাদের মাথা কিনে নেননি।"
কেবল মঞ্চে হেনস্তাই নয়, সামাজিক মাধ্যমে চলা ক্রমাগত ট্রলিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধেও সরব হয়েছেন শুভশ্রী। নেটিজেনদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, সমাজ সুস্থ রাখার দায়িত্ব শুধু শিল্পীদের নয়, সাধারণ মানুষেরও। সামাজিক মাধ্যমে কোনো মন্তব্য করার আগে দায়বদ্ধতার জায়গা থেকে ভাবা উচিত।
সাম্প্রতিক কিছু অপ্রীতিকর ঘটনা:
১. মিমি চক্রবর্তী: বনগাঁর মঞ্চে হেনস্তার শিকার হন, অভিযুক্ত গ্রেফতার। ২. লগ্নজিতা চক্রবর্তী: গান গাইতে গিয়ে হেনস্তার শিকার হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ৩. মৌনি রায়: সম্প্রতি একটি অনুষ্ঠানে মঞ্চে অশালীন আচরণের সম্মুখীন হন এই বলিউড ও টলিউড অভিনেত্রী।
মিমি চক্রবর্তীর সাহসিকতার প্রশংসা করে শুভশ্রী জানান, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ প্রতিবাদের। শিল্পীদের সম্মান রক্ষায় টলিউড ইন্ডাস্ট্রিকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।