প্রকাশিত:
১ ফেব্রুয়ারী, ২০২৬

মৌ স্পষ্ট করে জানিয়েছেন যে, ফেসবুকে তাঁর একটি মাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে যার নাম ‘সাদিয়া ইসলাম’। এর বাইরে ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তাঁর কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। শুধু ফেসবুক নয়, ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর কোনো প্রোফাইল নেই।
নব্বইয়ের দশক থেকে বিনোদন জগতে দাপটের সাথে কাজ করলেও মৌ অনলাইনে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কম সক্রিয়। এই সুযোগ নিয়েই অসাধু চক্র তাঁর নাম ব্যবহার করে ভক্তদের বিভ্রান্ত করছে বলে তাঁর অভিযোগ।
ইতিমধ্যে এই অপতৎপরতা বন্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ভুয়া অ্যাকাউন্টধারীদের উদ্দেশ্য করে মৌ বলেন, ‘যাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাঁদের অনুরোধ করছি—এসব বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি ও লেখা পোস্ট করা আইনত অপরাধ। সাবধান না হলে আইনি ব্যবস্থায় যা হওয়ার তা–ই হবে।’
নিজের ভক্ত এবং পরিচিতজনদের সতর্ক করে এই তারকা বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা কেউ প্রতারিত হবেন না। আমার কোনো ফ্যান পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই।’