প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন শাহরুখ খান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা আকাশী রঙের হুডি, জিন্স এবং মাথায় কালো টুপি পরে বিমানবন্দরে প্রবেশ করেন। এ সময় তাঁর চোখে ছিল রোদচশমা (সানগ্লাস)।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের চেকিং পয়েন্টে এক নিরাপত্তারক্ষী শাহরুখকে আটকে দেন এবং শনাক্তকরণের জন্য তাঁর সানগ্লাস খুলে ফেলতে বলেন। কোনো প্রকার দ্বিধা বা তর্ক ছাড়াই তৎক্ষণাৎ সানগ্লাস খুলে মৃদু হাসেন অভিনেতা। নিরাপত্তা প্রক্রিয়া শেষ হওয়ার পর নিরাপত্তারক্ষীর কাঁধে হাত রেখে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে ভেতরে প্রবেশ করেন তিনি।
সাধারণত বড় তারকাদের ঘিরে বিমানবন্দরে নানা বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও শাহরুখের এমন দায়িত্বশীল আচরণে মুগ্ধ তাঁর ভক্তরা। ভিডিওর নিচে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এই জন্যই তিনি রাজা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে শাহরুখ জানেন যে এটি নিরাপত্তারক্ষীর কর্তব্য। তিনি আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল।’
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত আছেন তাঁর পরবর্তী প্রজেক্ট ‘কিং’ নিয়ে। এই সিনেমাটি তাঁর ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করছে কারণ এখানে প্রথমবারের মতো বড় পর্দায় তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।
সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। অন্যান্য তারকা রানি মুখার্জি, দীপিকা পাডুকোন এবং অভিষেক বচ্চন। ইতিমধ্যেই সিনেমার পোস্টার প্রকাশ পেয়েছে যা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ব্যক্তিগত বিনয় আর পেশাদারিত্বের সমন্বয়ে শাহরুখ খান আবারও প্রমাণ করলেন, পর্দার বাইরেও তিনি অনেকের কাছে অনুপ্রেরণার নাম।