প্রকাশিত:
৩০ জানুয়ারী, ২০২৬

সম্প্রতি ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওগুলোতে এই রাজনীতিবিদকে অত্যন্ত শান্ত ও ধৈর্যশীল ভঙ্গিতে দেখা গেছে। আর তা দেখেই ফারিয়ার মনে পড়ে গেছে তাঁর বাবার কথা।
ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ফারিয়া তাঁর বাবার শান্ত স্বভাবের বর্ণনা দিয়েছেন বেশ রসিকতার ছলে। তিনি জানান, তাঁর বাবা ছিলেন প্রচণ্ড ঠান্ডা মাথার মানুষ, কিন্তু মা ছিলেন ঠিক তার উল্টো।
নিজের পরিবারের অন্দরমহলের গল্প শুনিয়ে ফারিয়া লেখেন, "আমি প্রায়ই হাসতে হাসতে বলি আমার বাবার তো জান্নাত অনেকটাই কনফার্ম। আমার বাবা এই দুনিয়ায় ৪১ বছর আমার মাকে, ৬২ বছর তার মাকে এবং পরবর্তীতে তার তিন কন্যাকে—এই ভয়ংকর ৫ মহিলাকে হাসিমুখে সহ্য করে গেছেন।"
ফারিয়া কৌতুক করে আরও যোগ করেন, "বাবার শাস্তি তো দুনিয়াতেই শেষ, পরকালে আর কী শাস্তি পাবেন!"
আসন্ন জাতীয় নির্বাচনে মির্জা আব্বাসের প্রচারণার ভিডিওগুলো দেখে ফারিয়া উপলব্ধি করেছেন, প্রতিকূল পরিস্থিতির মাঝেও শান্ত থাকার যে অসীম ক্ষমতা এই রাজনীতিবিদের মাঝে দেখা যাচ্ছে, তা অনেকটা তাঁর বাবার মতোই। ফারিয়ার এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। নেটিজেনরা ফারিয়ার এই রসাত্মক স্মৃতিচারণ ও রাজনৈতিক পর্যবেক্ষণের প্রশংসা করছেন।
বাবার প্রতি গভীর ভালোবাসা আর শ্রদ্ধাকে হাসির ছলে প্রকাশ করার ফারিয়ার এই ধরণ পাঠকদের মুগ্ধ করেছে। নির্বাচনী প্রচারণার গম্ভীর পরিবেশের মাঝে ফারিয়ার এই ‘পারিবারিক গল্প’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুকরো নির্মল আনন্দ বয়ে এনেছে।