প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

যে ৮ বিভাগে পুরস্কার পেল ‘সুড়ঙ্গ’। সিনেমাটি প্রধান অভিনেতা থেকে শুরু করে নেপথ্যের কারিগরি প্রতিটি বিভাগেই নিজের ছাপ রেখেছে:
সেরা অভিনেতা: আফরান নিশো
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: মনির আহাম্মেদ শাকিল
সেরা কৌতুক অভিনেতা: শহীদুজ্জামান সেলিম
সেরা সংলাপ রচয়িতা: রায়হান রাফী ও সৈয়দ নাজিদ উদ দৌলা
সেরা গায়িকা: অবন্তী সিঁথি
সেরা চিত্রগ্রাহক: সুমন সরকার
সেরা শিল্পনির্দেশক: শহীদুল ইসলাম
সেরা পোশাক ও সাজসজ্জা: বীথি আফরীন
প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার জিতে উচ্ছ্বসিত আফরান নিশো। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “অনুভূতিটা মিশ্র। এখনো একধরনের ঘোরের মধ্যে আছি। স্বীকৃতির জন্য কাজ না করলেও রাষ্ট্রীয় স্বীকৃতি ভালো কাজ করার বড় রসদ। এই পুরস্কার আমার পরিবার, সহকর্মী আর দর্শকদের বিশ্বাসের প্রতিফলন।”
চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি এই সাফল্যকে ইন্ডাস্ট্রি তৈরির প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সুড়ঙ্গ প্রমাণ করেছে ওটিটি এবং প্রেক্ষাগৃহ একসঙ্গে কাজ করলে বড় সাফল্য সম্ভব। আমাদের পরিকল্পনা যে সঠিক পথে ছিল, এই স্বীকৃতিই তার প্রমাণ।” সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন ভবিষ্যতে আরও বড় বাজেটের ও কন্টেন্ট-নির্ভর সিনেমা নির্মাণে সাহস জোগাবে।
মুক্তির পরপরই ‘সুড়ঙ্গ’ ব্যবসায়িক রেকর্ড গড়েছিল। পরিচালক রায়হান রাফী জানান, মুক্তির মাত্র সাত দিনেই স্টার সিনেপ্লেক্স থেকে আড়াই কোটির বেশি টাকার টিকিট বিক্রি হয়েছিল। টাকা, লোভ আর বিচ্ছেদের টানটান থ্রিলার গল্পটি দর্শক ও সমালোচক উভয়ের মন জয় করেছে। সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা এবং একটি বিশেষ আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে।
আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনে ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব ও অবস্থান এক নতুন উচ্চতায় পৌঁছাল বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।