প্রকাশিত:
১ ফেব্রুয়ারী, ২০২৬

পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতকারীরা রোহিত শেঠির বাড়ির সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পরপরই মুম্বাই পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং পরিচালকের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জুহু এলাকাটি মুম্বাইয়ের অত্যন্ত অভিজাত এবং এখানে বহু বলিউড তারকার বসবাস। পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো স্পষ্ট নয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। তদন্তকারী কর্মকর্তারা আশপাশের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন এবং সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।
রোহিত শেঠির বাড়িতে এই হামলা বলিউডে ক্রমবর্ধমান অপরাধী চক্রের সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বিনোদন জগতের একাধিক তারকা একই ধরণের হামলার শিকার হয়েছেন:
সালমান খান: ২০২৪ সালের এপ্রিলে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানো হয়, যার দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাং।
দিশা পাটানি: উত্তর প্রদেশের বরেলিতে তাঁর বাড়ির বাইরেও একই কায়দায় হামলা চালায় বিষ্ণোই গ্যাং।
কপিল শর্মা ও এপি ধিলোঁ: কানাডায় তাঁদের ক্যাফে ও বাড়ির সামনেও হামলার পেছনে ছিল এই গ্যাংয়ের হাত।
এলভিশ যাদব: গুরুগ্রামে এই ইউটিউবারের বাড়িতেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল।
অ্যাকশন মুভির জন্য খ্যাত এই পরিচালক সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকলেও, এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে কারণ এর আগে একাধিক তারকাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।