প্রকাশিত:
১ ফেব্রুয়ারী, ২০২৬

মার্ক গোল্ডম্যান এক শোকবার্তায় বলেন, “ডেমন্ড উইলসন একজন অসাধারণ মানুষ ছিলেন। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। ডেমন্ডের পরিবার বর্তমানে গভীর শোকাহত এবং এই কঠিন সময়ে তাঁরা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।”
১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এনবিসি (NBC) চ্যানেলে প্রচারিত ‘সানফোর্ড অ্যান্ড সান’ সিরিজে রেড ফক্সের (ফ্রেড সানফোর্ড) ছেলের চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান ডেমন্ড। হাস্যরসে ভরপুর বাবা-ছেলের সেই অম্ল-মধুর রসায়ন কয়েক দশক ধরে মার্কিন দর্শকদের ড্রয়িংরুমে বিনোদনের প্রধান উৎস ছিল।
এছাড়াও তিনি ‘দ্য নিউ অড কাপল’, ‘বেবি...আই’ম ব্যাক!’ এবং ‘ফুল মুন হাই’-এর মতো জনপ্রিয় কাজ দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁকে সবশেষ দেখা গিয়েছিল ‘গার্লফ্রেন্ডস’ সিরিজে।
১৯৪৬ সালে জর্জিয়ার ভালদোস্তায় জন্ম নেওয়া ডেমন্ড বড় হয়েছেন নিউইয়র্ক সিটিতে। মাত্র ১২ বছর বয়সে হারলেমের অ্যাপোলো থিয়েটারে পারফর্ম করার মাধ্যমে বিনোদন জগতে তাঁর যাত্রা শুরু। তবে কেবল অভিনয় নয়, বাস্তব জীবনে তিনি ছিলেন একজন যোদ্ধা। মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছিলেন।
ক্যারিয়ারের শেষভাগে এসে তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন। তিনি ‘চার্চ অব গড ইন ক্রাইস্ট’-এর একজন ধর্মযাজক (Minister) হিসেবে নিযুক্ত হন এবং বেশ কিছু খ্রিষ্টধর্মীয় বইও রচনা করেন।
ব্যক্তিগত জীবনে ডেমন্ড উইলসন মডেল সিসেলি জনস্টনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এই দম্পতি ছয় সন্তানের জনক-জননী। তাঁর মৃত্যুতে হলিউডের সহকর্মী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।