প্রকাশিত:
১ ফেব্রুয়ারী, ২০২৬

তানিয়া নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সম্প্রতি উদয়পুরের একটি রাজপ্রাসাদ থেকে ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ঝাড়বাতি আর হরেক রঙের ফুলের সাজে একটি রাজকীয় বিয়ের আসর প্রস্তুত করা হচ্ছে। ভিডিওতে তানিয়া দাবি করেন, “আমরা জানতে পেরেছি, ২ ফেব্রুয়ারি এখানেই রাশমিকা ও বিজয়ের বিয়ে হচ্ছে।” ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
যদিও ২ ফেব্রুয়ারির খবরটি দাবানলের মতো ছড়িয়েছে, তবে তারকার ঘনিষ্ঠ একটি সূত্র একে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া তথ্যে ওই সূত্র জানায়, ভিডিওতে দেখানো রাজকীয় আয়োজনটি অন্য কারোর বিয়ের হতে পারে। রাশমিকা ও বিজয়ের বিয়ের দিনক্ষণ আসলে চূড়ান্ত হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি।
সূত্রটি আরও নিশ্চিত করেছে যে, ২৬ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হায়দরাবাদে এক রাজকীয় প্রীতিভোজের (রিসেপশন) আয়োজন করা হয়েছে। সেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও দক্ষিণী ও বলিউড সিনেমার তারকাদের উপস্থিত থাকার কথা রয়েছে। গত অক্টোবর মাসেই এই জুটি গোপনে বাগদান সেরেছিলেন বলে গুঞ্জন রয়েছে, যা এখন পরিণয়ে রূপ নিতে যাচ্ছে।
বিজয় বা রাশমিকা—উভয়ের পক্ষ থেকেই এখন পর্যন্ত বিয়ের তারিখ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে উদয়পুরের ভিডিও এবং ২৬ ফেব্রুয়ারির নতুন তারিখের মধ্যে কোনটি সত্য, তা জানতে আগামী কয়েকদিন উন্মুখ হয়ে থাকবেন অনুরাগীরা।