প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

আলিয়া ভাটের ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলেই দেখা যাচ্ছে, সেখানে মেয়ে রাহার আর কোনো ছবি নেই। মা হওয়ার পর থেকেই আলিয়া নিজের ব্যক্তিগত জীবন এবং বিশেষ করে মেয়ের নিরাপত্তা নিয়ে অত্যন্ত সচেতন। এর আগেও তিনি একাধিকবার ডিজিটাল দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন। এবার সরাসরি প্রোফাইল থেকে মেয়ের অস্তিত্ব মুছে ফেলাকে তাঁর ‘প্রাইভেসি’ রক্ষার এক বড় পদক্ষেপ হিসেবে দেখছেন নেটিজেনরা।
এক সাক্ষাৎকারে আলিয়া ভাট তাঁর ডিজিটাল দুনিয়া নিয়ে বিরক্তির কথা অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, "সোশ্যাল মিডিয়া মানুষকে ভীষণভাবে অমনোযোগী করে তোলে। প্রতিনিয়ত সবাইকে উত্তর দেওয়া বা যোগাযোগ রাখা মানসিকভাবে ক্লান্তিকর। মাঝে মাঝে মনে হয় পুরোপুরি সরে যাই। আমি চাই আমার ব্যক্তিগত জীবন একান্তই ব্যক্তিগত থাকুক।"
আলিয়া জানান, মা হওয়ার পর তাঁর জীবনের অগ্রাধিকারগুলো বদলে গেছে। তাঁর কথায়, "জীবনের এই নতুন অধ্যায় শুরু করার পর বুঝেছি আমার মূল লক্ষ্য ভালো কাজ করা এবং ব্যক্তিগত জীবনকে সুস্থ রাখা। মা হওয়ার পর শারীরিক ও মানসিকভাবে যে পরিবর্তন আসে, তারপর থেকেই আমি আরও বেশি করে প্রাইভেসি চাইতে শুরু করেছি।"
সোশ্যাল মিডিয়া ছাড়ার ইচ্ছে থাকলেও অনুরাগীদের ভালোবাসার কথা ভুলছেন না এই অভিনেত্রী। তিনি স্বীকার করেন যে, তাঁর ও রণবীরের ক্যারিয়ারে এই প্ল্যাটফর্মের বড় ভূমিকা রয়েছে। নতুন কাজের খবর ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার সহজ মাধ্যম এটি। ফলে সিদ্ধান্তটি নেওয়া তাঁর জন্য মোটেও সহজ নয়।
এর আগে ছবির প্রচার শেষ করে সব পোস্ট মুছে ফেলা কিংবা অ্যাকাউন্ট প্রাইভেট করে দেওয়ার মতো ঘটনা আলিয়া ঘটিয়েছেন। তবে এবার মেয়ের ছবি সরিয়ে ফেলা এবং তাঁর সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, তিনি হয়তো খুব শীঘ্রই দীর্ঘস্থায়ী কোনো বিরতি নিতে চলেছেন।