প্রকাশিত:
২ ফেব্রুয়ারী, ২০২৬

১৬ সেকেন্ডের এই মোশন ফার্স্ট লুকে শাকিব খানকে চেনাই দায়! মুখভর্তি দাড়ি, কাঁধ পর্যন্ত লম্বা চুল আর চোখের সানগ্লাসে তাকে পুরোপুরি গ্যাংস্টার লুকে দেখা গেছে। পরনে কালো গাউন এবং হাতে রয়েছে একটি বিচিত্র নকশার ‘মিউজিক্যাল বন্দুক’। পোস্টারের এক পর্যায়ে দেখা যায়, আকাশে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে অস্ত্র তাক করে আছেন তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে— "সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।" অন্যদিকে শাকিব খান লিখেছেন— "একটা শহর, একটা উপাখ্যান, প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ।"
জানা গেছে, সিনেমাটি নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত একটি অ্যাকশনধর্মী গল্প। পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। নির্মাতা সূত্রে জানা যায়, অ্যাকশনের পাশাপাশি এতে একটি গভীর রোমান্টিক গল্পও রয়েছে, যার ইঙ্গিত পাওয়া যায় শাকিবের হাতের ওই মিউজিক্যাল বন্দুকের মাধ্যমে।
সিনেমার প্রধান অভিনেতা শাকিব খান। প্রথমবারের মতো শাকিবের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডুকে। অন্যান্য শিল্পী নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনার। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ইতোমধ্যে দুই লটের শুটিং সম্পন্ন হয়েছে।
রোজার ঈদে প্রতিবারই শাকিব খানের সিনেমা প্রেক্ষাগৃহে বাড়তি উত্তেজনা তৈরি করে। তবে এবার ‘প্রিন্স’-এর গ্যাংস্টার লুক ও পিরিয়ড ড্রামা ঘরানার গল্প সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।