প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬
.jpg&w=3840&q=75)
অভিনেত্রীর ম্যানেজার মার্ক গারভিটজ মৃত্যুর সংবাদ জানালেও এর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে মার্কিন গণমাধ্যম ‘পেজ সিক্স’ জানিয়েছে, শুক্রবার ভোরে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউড এলাকা থেকে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। ফায়ার সার্ভিসের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করা হলেও এএফপি তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
১৯৫৪ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন ক্যাথরিন। কমেডি থিয়েটার গ্রুপ ‘সেকেন্ড সিটি’র মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শুরু। ১৯৮০ সালে ‘ডাবল নেগেটিভ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। তবে ১৯৮৮ সালে টিম বার্টনের ‘বিটলজুস’ সিনেমায় অভিনয় করে তিনি প্রথম বড় ধরণের সাফল্য পান। এই ছবির সেটেই তাঁর পরিচয় হয় প্রোডাকশন ডিজাইনার বো ওয়েলচের সঙ্গে, যাঁকে তিনি পরবর্তীতে বিয়ে করেন।
বিশ্বজুড়ে ক্যাথরিন ও’হারা সবচেয়ে বেশি জনপ্রিয় হন ১৯৯০ সালের কালজয়ী সিনেমা ‘হোম অ্যালোন’-এ কেন্দ্রীয় চরিত্র কেভিনের (ম্যাকোলে কালকিন) মায়ের ভূমিকায় অভিনয় করে। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি এই সিনেমাটিকে ‘পারফেক্ট’ বলে অভিহিত করেছিলেন।
পরবর্তী প্রজন্মের কাছে তিনি আইকন হয়ে ওঠেন ‘শিটস ক্রিক’ সিরিজের ‘মোইরা রোজ’ চরিত্রের মাধ্যমে। এই কালজয়ী অভিনয়ের জন্য ২০২০ সালে তিনি সেরা প্রধান অভিনেত্রী হিসেবে এমি অ্যাওয়ার্ড জেতেন। এছাড়া গোল্ডেন গ্লোব ও স্যাগ অ্যাওয়ার্ডও ঘরে তোলেন তিনি।
ক্যাথরিনের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ‘হোম অ্যালোন’ সিনেমায় তাঁর ছেলের চরিত্রে অভিনয় করা ম্যাকোলে কালকিন আবেগঘন এক বার্তায় লেখেন, "মা, আমি ভেবেছিলাম আমাদের হাতে আরও সময় আছে। তোমার পাশে বসে আরও কথা বলতে চেয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসি।"
ক্যাথরিন ও’হারা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’ এবং সাম্প্রতিক সময়ে অ্যাপল টিভির ‘দ্য স্টুডিও’র মতো অসংখ্য সফল প্রজেক্টে কাজ করেছেন। তাঁর প্রয়াণে বিনোদন জগত এক অনন্য প্রতিভাকে হারাল, যিনি কয়েক প্রজন্ম ধরে দর্শকদের আনন্দ দিয়ে এসেছেন।