প্রকাশিত:
২ ফেব্রুয়ারী, ২০২৬

মন্ত্রণালয়ের নিয়মিত পারফরম্যান্স মূল্যায়নে ত্রুটি পাওয়ায় পবিত্র ওমরাহ হজ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের প্রশাসন।
গতকাল রোববার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (SPA) জানিয়েছে, ওমরাহ খাতে বর্তমানে মোট ৫,৮০০টি বিদেশি এজেন্সি সক্রিয় রয়েছে। সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, স্থগিত হওয়া ১,৮০০টি এজেন্সি নিম্নোক্ত অনিয়মে জড়িত ছিল: যাত্রীদের জন্য আবাসন ও পরিবহনে চরম অবহেলা।ওমরাহ প্যাকেজের প্রতিশ্রুতি অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদানে ব্যর্থতা। মন্ত্রণালয়ের নির্ধারিত গাইডলাইন ও পারফরম্যান্স ইন্ডিকেটর (KPI) অনুসরণ না করা।
মন্ত্রণালয়ের মুখপাত্র ড. ঘাসসান আলনওয়াইমি জানিয়েছেন, এই স্থগিতাদেশ স্থায়ী নয়। এজেন্সিগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা যদি মন্ত্রণালয়ের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারে এবং আইনি বাধ্যবাধকতাগুলো সম্পন্ন করে, তবে তাদের চুক্তি পুনরায় সচল করা হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে স্থায়ী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে ও যাঁদের আগে থেকেই বুকিং করা রয়েছে—তাঁদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। তাঁদের সেবা কার্যক্রম আগের মতোই চলবে।
সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে ওমরাহ পালন সহজতর ও আরামদায়ক করতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে, যাত্রীদের অধিকার রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। উন্নত প্রযুক্তি ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে পুরো খাতকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য করার লক্ষ্যেই এই শুদ্ধি অভিযান চালানো হচ্ছে।
এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ‘ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করা এবং হজযাত্রীদের অধিকার রক্ষায় মন্ত্রণালয় নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম চালু রাখবে।’