news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

আন্তর্জাতিক

৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি

Next.js logo

প্রকাশিত:

গতকাল

নিউজটি শেয়ার করুন:

আখী খলিল : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজের জন্য ভিসা ইস্যুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছে।

Thumbnail for ৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি
ইনকিলাব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র হজ পালনে ইচ্ছুক বিশ্বজুড়ে লাখো মুসুল্লিদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। আগামী ৮ ফেব্রুয়ারি (২০ শাবান ১৪৪৭ হিজরি) থেকে হজের ভিসা ইস্যু করার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মূলত হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এবং শেষ মুহূর্তের জটিলতা এড়াতে এবার প্রায় চার মাস আগেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

 

সৌদি গেজেট জানিয়েছে, হজ ব্যবস্থাপনাকে আরও গতিশীল এবং আগত হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ বছর আগাম সময়সূচিতে ভিসা কার্যক্রম শুরু করা হচ্ছে। এটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ।

 

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে হজের যাবতীয় প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে। এবারের হজের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য হলো: আবেদন শুরু হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬  থেকে আর আবেদনের শেষ সময় ২০ মার্চ ২০২৬। সৌদি আরবের অফিশিয়াল পোর্টাল ‘নুসুক মাসার’ (Nusuk Masar)-এর মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের আবেদন করতে হবে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে নিজ নিজ দেশ থেকে সরাসরি প্রায় ৩০ হাজার হজযাত্রী হজ প্যাকেজ বুক করেছেন। এছাড়া আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি তাঁবু বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৭৩টি দেশের হজ বিষয়ক দপ্তর তাদের প্রাথমিক চুক্তি কার্যক্রম শেষ করেছে।

 

বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবার হজের ভিসা পাওয়ার ক্ষেত্রে ‘ফিটনেস সনদ’ এবং টিকাদান বাধ্যতামূলক। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের দেশের সরকারি হাসপাতালগুলো থেকে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করে তার প্রমাণপত্র সংগ্রহ করতে হবে।স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও টিকা নেওয়ার তথ্য ‘ই-হেলথ প্রোফাইল’-এ যুক্ত করার পর হজযাত্রীরা ফিটনেস সনদ পাবেন। এই সনদ ছাড়া নুসুক সিস্টেমে ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

 

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানে সরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৯ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে গত মাসে দেশটির ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী সরদার মোহাম্মদ ইউসুফ জানান।

 

মন্ত্রী আরও জানান, হজ ২০২৫-এ পাকিস্তানি হজযাত্রীদের মধ্যে ৭৫ শতাংশকে মোট ৩ দশমিক ৫ বিলিয়ন রুপি ফেরত দেওয়া হয়েছে। ব্যক্তিপ্রতি ফেরতের পরিমাণ ছিল ১২ হাজার থেকে ১ লাখ ১০ হাজার রুপি পর্যন্ত। এছাড়া সারা দেশে ১৪৭টি স্থানে অডিও-ভিজ্যুয়াল সুবিধাসহ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এবার বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে (মিনা, আরাফাহ, মুজদালিফা) আবাসন ও খাবারের শতভাগ চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগেভাগে ভিসা দেওয়ার ফলে হজযাত্রীরা তাদের প্যাকিং, বিমান টিকিট এবং হজের নিয়মাবলী শেখার জন্য পর্যাপ্ত সময় পাবেন। এছাড়া এ পর্যন্ত প্রায় সাড়ে ৭ লাখ হজযাত্রী চূড়ান্ত নিবন্ধনের কাজ শেষ করেছেন।

 

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি