প্রকাশিত:
৩০ জানুয়ারী, ২০২৬

প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল মির্জা মো. আরাফাত বলেন, বিজিবি সম্পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, "সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের মূল লক্ষ্য ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।"
অধিনায়ক জানান, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন ১৩টি সংসদীয় আসনের মোট ১৯২১টি ভোটকেন্দ্রে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
পুরো অঞ্চলের জন্য: সর্বমোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার জন্য: জেলার ৫টি উপজেলায় বিশেষ নিরাপত্তার জন্য ৫টি বেইজ ক্যাম্প থেকে ১৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকালীন সময়ে যাতে কোনো অশুভ শক্তি বা অপরাধী চক্র নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে না পারে, সেজন্য সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অধিনায়ক বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি অতিরিক্ত তৎপর থাকবে।
উল্লেখ্য যে, আসন্ন নির্বাচনে দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে। তবে ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
বিজিবি অধিনায়ক আরও স্পষ্ট করেন যে, নির্বাচন কমিশন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।