প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

ম্যাচের শুরু থেকেই ছিল নাটকীয়তা। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে পিছিয়ে পড়েন সাবালেঙ্কা। তবে দ্বিতীয় সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি, ৬-৪ গেমে জিতে সমতা ফেরান। তৃতীয় ও নির্ণায়ক সেটের শুরুটাও ভালো করেছিলেন সাবালেঙ্কা। কিন্তু রিবাকিনার অদম্য পাল্টা আক্রমণের মুখে শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলেন তিনি। শেষ সেটটি ৬-৪ গেমে জিতে শিরোপা নিশ্চিত করেন রিবাকিনা।
ম্যাচের ফলাফল: ৬-৪, ৪-৬, ৬-৪
২০২২ সালে উইম্বলডন জিতে টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়েছিলেন রিবাকিনা। তিন বছর পর নিজের ট্রফি ক্যাবিনেটে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম যোগ করলেন তিনি। শিরোপা জয়ের পর আবেগাপ্লুত রিবাকিনা বলেন, "আমি ভাষা হারিয়ে ফেলেছি। আরিনাকে অভিনন্দন জানাই, ও গত কয়েক বছর ধরে অবিশ্বাস্য খেলছে। আশা করি আমরা ভবিষ্যতে আরও অনেক ফাইনাল একসঙ্গে খেলব।"
অন্যদিকে, পরাজয়ের গ্লানি সঙ্গী হলেও প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। তিনি তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমার দল সবসময় আমার পাশে থাকে, আমার পরাজয় সহ্য করার জন্য তাদের ধন্যবাদ। এবার হলো না, তবে আশা করি আগামী বছর ট্রফিটি আমাদেরই হবে।"
সাফল্য আর ব্যর্থতার এই মহাকাব্যিক লড়াইয়ের মাধ্যমে পর্দা নামলো অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬-এর নারী এককের। রিবাকিনার এই জয় টেনিস বিশ্বে তাঁর অবস্থানকে আরও সুসংহত করল।