প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ সম্প্রতি এক প্রতিবেদনে ফাঁস করে দেয় যে, গত বছরের ৩১ অক্টোবর ওয়েলিংটনে সেই অপ্রীতিকর ঘটনার সময় ব্রুক একা ছিলেন না। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জ্যাকব বেথেল এবং পেসার জশ টাং। টেলিগ্রাফের এই প্রতিবেদনের পরই ব্রুক সত্য স্বীকার করতে বাধ্য হন। বর্তমানে ব্রুকসহ ওই দুই ক্রিকেটারই তদন্তের আওতাধীন রয়েছেন।
নিজের আগের মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করে হ্যারি ব্রুক বলেন, "ওয়েলিংটনে আমার কর্মকাণ্ডের সম্পূর্ণ দায় আমি গ্রহণ করছি এবং স্বীকার করছি যে সেদিন সন্ধ্যায় সেখানে অন্যরাও উপস্থিত ছিলেন। আমার আগের মন্তব্যের জন্য আমি অনুতপ্ত। আমার উদ্দেশ্য ছিল নিজের সিদ্ধান্তের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যেন সতীর্থরা জড়িয়ে না পড়েন, তাদের সুরক্ষা দেওয়া।"
এর আগে গত সপ্তাহে কলম্বোতেও ব্রুক দাবি করেছিলেন যে, তিনি একাই ড্রিংকস করতে বের হয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, "আমি একটি ক্লাবে ঢোকার চেষ্টা করি, কিন্তু বাউন্সার (নিরাপত্তাকর্মী) আমাকে আঘাত করে। আমি পুরোপুরি মাতাল ছিলাম না।" কিন্তু বর্তমান স্বীকারোক্তি অনুযায়ী, সেই বর্ণনায় বড় ধরণের অসঙ্গতি ছিল।
এই ঘটনা ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কির একটি দাবিকেও প্রশ্নের মুখে ফেলেছে। গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টের আগে কি জানিয়েছিলেন যে, ওই ঘটনায় কোনো 'আনুষ্ঠানিক ব্যবস্থা' নেওয়া হয়নি। এখন তদন্ত শুরু হওয়ায় সেই দাবি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
অধিনায়ক হিসেবে মাঠের বাইরে নিজের দায়িত্ব পালন নিয়ে ব্রুক বলেন, "আমি বুঝতে পেরেছি যে নেতৃত্ব ও অধিনায়কত্বের সঙ্গে সম্পর্কিত মাঠের বাইরের দায়িত্ব সম্পর্কে আমার আরও শেখার প্রয়োজন আছে। আমি ব্যক্তিগত ও পেশাগতভাবে উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
সতীর্থদের আস্থা পুনরুদ্ধার করতে চান জানিয়ে ব্রুক বলেন, এই চ্যালেঞ্জিং সময় থেকে তিনি শিক্ষা নিচ্ছেন এবং ভবিষ্যতে নিজেকে উন্নত করার চেষ্টা করবেন।