প্রকাশিত:
১৬ জানুয়ারী, ২০২৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ ও বিস্তারিত তথ্য জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, ভবনের দ্বিতীয় তলার একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
এতে ছয়জনের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন-ফজলে রাব্বি রিজভী (৩৮), আফরোজা আক্তার, মো. রিশান (আড়াই বছর), রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) ও মো. রাহাব (১৭)।
এর মধ্যে তিনজনের লাশ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে, একজনের লাশ উত্তরার অন্য একটি হাসপাতালে এবং সর্বশেষ একজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতের সংখ্যা নির্ধারণে পুলিশের একাধিক টিম কাজ করছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। থানা কাছেই হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার কার্যক্রম শেষ হতে সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের ছাদে যাওয়ার দরজাটি তালাবদ্ধ থাকায় এবং বারান্দায় গ্রিল দেওয়া থাকায় বাসিন্দারা সহজে বের হতে পারেননি। আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।