প্রকাশিত:
৪ ঘন্টা আগে

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে, যা ঢাকা থেকে প্রায় ৪৩৬ কিলোমিটার দূরে অবস্থিত। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রুবাঈয়াৎ কবীর জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প এবং উৎপত্তিস্থল ঢাকার অনেক দূরে হওয়ায় আতঙ্কের তেমন কারণ নেই। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ তিনটি ভূমিকম্পপ্রবণ প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় এখানে মাঝেমধ্যে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে ভূমিকম্পের প্রবণতা কিছুটা বেড়েছে, যা উদ্বেগের বিষয়। বিশেষ করে দক্ষিণ–পশ্চিমাঞ্চল, যাকে তুলনামূলক কম ঝুঁকির এলাকা হিসেবে ধরা হতো, সেখানেও ভূমিকম্পের ঘটনা বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ভূমিকম্পের রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে গতকাল পর্যন্ত দেশের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় ৩২টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর মধ্যে বৃহত্তর সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি, মোট ১০টি ভূমিকম্প সংঘটিত হয়েছে, যেগুলোর অধিকাংশই ডাউকি চ্যুতির আশপাশ এলাকায় উৎপন্ন হয়েছে।