প্রকাশিত:
৩০ জানুয়ারী, ২০২৬

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলার অভিযুক্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
কারাগার সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি এক চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে এই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়। আদালতের 'প্রডাকশন ওয়ারেন্ট'কে (হাজিরা পরোয়ানা) ভুলবশত 'জামিননামা' হিসেবে গণ্য করে কারাগার কর্তৃপক্ষ তাদের মুক্তির অনুমতি দেয়। জামিন ছাড়াই খুনের মামলার আসামিরা প্রধান ফটক দিয়ে বেরিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে ময়মনসিংহে ব্যাপক তোলপাড় শুরু হয়।
এই গুরুতর গাফিলতির দায়ে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, "এটি একটি অনিচ্ছাকৃত ভুল। তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটন করছে। দায়িত্ব অবহেলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
কারাগার থেকে বের হওয়ার পর আসামিরা পরিকল্পিতভাবে আত্মগোপনে চলে গিয়েছিল। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র্যাব-১৪ তাদের অবস্থান শনাক্ত করে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ শুক্রবার তাদের পুনরায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কারাগারের মতো সুরক্ষিত জায়গা থেকে জামিন ছাড়াই আসামি মুক্তির এই ঘটনাটি দেশের বিচার বিভাগীয় ও কারাব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্নের সৃষ্টি করেছে।