প্রকাশিত:
গতকাল

দাতব্য সংস্থা ‘ফিডিং ইন্ডিয়া’ এবং ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’-র যৌথ আয়োজনে এই কনসার্টটি দুটি শহরে অনুষ্ঠিত হবে:
মুম্বাই: ১০ এপ্রিল, মহালক্ষ্মী রেসকোর্স।
দিল্লি: ১৫ এপ্রিল, জওহরলাল নেহরু স্টেডিয়াম।
‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর এটি তৃতীয় সংস্করণ। আয়োজকদের মতে, শাকিরার এই সফর কেবল বিনোদনের জন্য নয়, বরং ভারতের ক্ষুধা ও অপুষ্টি নিয়ে জনসচেতনতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। শাকিরা ছাড়াও আন্তর্জাতিক ও ভারতের অনেক নামী তারকা এই মঞ্চে পারফর্ম করবেন।
এক বিবৃতিতে শাকিরা তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "ভারতে পারফর্ম করা সব সময় আমার জন্য বিশেষ কিছু। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি নিশ্চিত করা যে, প্রতিটি শিশু যেন তার বেড়ে ওঠার প্রয়োজনীয় পুষ্টি পায়।"
শাকিরা নিজে তার ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে দীর্ঘকাল ধরে শিশু কল্যাণে কাজ করছেন। তার এই মানবিক সত্তার সঙ্গে ফিডিং ইন্ডিয়ার ‘ক্ষুধামুক্ত দেশ’ গড়ার লক্ষ্যমাত্রা এক সুতোয় গেঁথেছে। এই কনসার্টের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করতে চান আয়োজকেরা।
দীর্ঘ ১৯ বছর পর শাকিরাকে সরাসরি দেখার সুযোগ পাওয়ায় ভারতীয় ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে মুম্বাই ও দিল্লির কনসার্ট দুটির টিকিট নিয়ে এখনই শুরু হয়েছে তুমুল কাড়াকাড়ি। সংগীত ও সমাজসেবার এই মেলবন্ধন ভারতের কনসার্ট ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।