প্রকাশিত:
গতকাল

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণেই এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। কারামুক্তির খুশিতে উপস্থিত সাংবাদিকদের সামনে নিজের জনপ্রিয় গান ‘মেহেরবান’ গেয়ে শোনান নোবেল। গান গাওয়ার আগে নিজের কৃতকর্মের জন্য এক ধরনের দায়সারা দুঃখ প্রকাশ করে তিনি বলেন, "মানুষ সর্বদা ভুল করে। এবার হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। আমার সব দর্শক-শ্রোতা আমাকে ভালোভাবে বোঝেন, তারা আমাকে ক্ষমা করে দেবেন।"
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছিল। মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট এক নারী ঢাকার সিএমএম আদালতে এই মামলা দায়ের করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, আটকে রেখে হেনস্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
তদন্ত প্রতিবেদন দাখিলের পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
শুনানি শেষে আদালত জানান, বাদী পক্ষের সঙ্গে আপস হওয়ার শর্তে নোবেলকে জামিন দেওয়া হয়েছে। তবে এই ‘আপস’ প্রক্রিয়ার বিস্তারিত এখনো জানা যায়নি।
সা রে গা মা পা খ্যাত এই গায়ক ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও আইনভঙ্গের অভিযোগে সংবাদ শিরোনাম হয়েছেন। এবারও জামিন পাওয়ার পর তাঁর মন্তব্য— "ভুল ভবিষ্যতেও হতে পারে"— সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।