প্রকাশিত:
২ ঘন্টা আগে

তিনটি শক্তিশালী দলের অংশগ্রহণে আয়োজিত এই টি-২০ টুর্নামেন্টে দেশের সেরা ক্রিকেটাররা মাঠে নামবেন চার-ছক্কার জমজমাট লড়াইয়ে। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বিনোদনে ভরপুর এক প্রতিযোগিতা, যেখানে তারুণ্য, প্রতিযোগিতা আর পেশাদারিত্ব একসঙ্গে ফুটে উঠবে।
রিমার্ক এইচবি লিমিটেডের অধীনে রয়েছে দেশের জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য একাধিক ব্র্যান্ড— লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, সিওডিলসহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য। ক্রীড়াবান্ধব ও সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরেই খেলাধুলা ও যুবসমাজের ইতিবাচক কার্যক্রমের পাশে রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ‘অদম্য বাংলাদেশ’ টি-২০ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠানটি।
টুর্নামেন্টকে ঘিরে অংশগ্রহণকারী দল ও ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাঠের খেলার পাশাপাশি পুরো আয়োজন জুড়েই থাকবে উৎসবমুখর পরিবেশ, এমনটাই আশা আয়োজকদের।
মাঠজুড়ে এবং টুর্নামেন্টের অফিসিয়াল ব্যানারে দেখা যাবে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের উপস্থিতি। আয়োজকদের মতে, এই ব্র্যান্ডিং টুর্নামেন্টের নান্দনিকতা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতার প্রচার ও গ্রহণযোগ্যতাকে আরও বিস্তৃত করবে।
‘অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপ’ শুরু হবে ৫ ফেব্রুয়ারি এবং পর্দা নামবে ৯ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ। প্রতিযোগিতাকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই প্রস্তুতি ও অনুশীলন শুরু করেছে।
লিগ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল পাবে এক কোটি টাকা প্রাইজমানি। এই অর্থ ভাগাভাগি করলে একজন ক্রিকেটারের আয় দাঁড়াতে পারে প্রায় পাঁচ লাখ টাকা, আর বোনাসসহ মোট আয় হতে পারে কমপক্ষে সাত লাখ টাকা।
সূচি অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী দিনে (৫ ফেব্রুয়ারি) ধূমকেতু একাদশ মুখোমুখি হবে দুরন্ত একাদশের। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার একাদশ এবং ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ফাইনাল। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এদিকে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিনামূল্যে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য এই সুবিধা থাকবে। তবে প্রবেশের সময় অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।