প্রকাশিত:
গতকাল

সোমবার (৯ ফেব্রুয়ারি) দায়ের করা ওই রিটে অভিযোগ করা হয়, নাহিদ ইসলাম উত্তর আমেরিকার দেশ ডোমিনিকার নাগরিক, যা সংবিধান অনুযায়ী নির্বাচনে অযোগ্যতার কারণ হতে পারে।
রিট দায়েরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ডোমিনিকা দেশটি নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন—ডোমিনিকা আসলে কোন দেশ, কোথায় অবস্থিত এবং এর বৈশিষ্ট্য কী।
ডোমিনিকা ক্যারিবিয়ান সাগরের লেসার অ্যান্টাইলস অঞ্চলে অবস্থিত একটি ছোট কিন্তু পর্বতময় দ্বীপ রাষ্ট্র। দেশটি তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, ঘন বনাঞ্চল ও আগ্নেয়গিরির জন্য পরিচিত। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ডোমিনিকাকে ‘নেচার আইল্যান্ড অব দ্য ক্যারিবিয়ান’ নামেও ডাকা হয়।
১৯৭৮ সালে ডোমিনিকা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির রাজধানী রোজো। ভৌগোলিকভাবে এটি উত্তরে গুয়াদেলুপ এবং দক্ষিণে মার্টিনিক দ্বীপের মাঝামাঝি অবস্থিত।
আগ্নেয়গিরি দ্বারা গঠিত এই দ্বীপে রয়েছে ঘন অরণ্য, অসংখ্য নদী এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটন্ত হ্রদ ‘বয়লিং লেক’। ট্রেকিং ট্রেইল, পাহাড়ি ভূপ্রকৃতি এবং সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের কারণে দেশটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে ডোমিনিকা প্রায়ই ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে।
দেশটির অর্থনীতি মূলত কৃষি ও পর্যটন শিল্পনির্ভর। ইংরেজি ডোমিনিকার সরকারি ভাষা হলেও স্থানীয়ভাবে ‘ডোমিনিকান ক্রেওল ফ্রেঞ্চ’ ভাষার প্রচলন রয়েছে।
এদিকে, নাহিদ ইসলামের বিরুদ্ধে উত্থাপিত দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। এই রিটের মাধ্যমে তার প্রার্থিতার বৈধতা নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।