প্রকাশিত:
গতকাল

জেল থেকে বেরিয়েই রাজপাল যাদব ভারতের বিচারব্যবস্থা এবং ভক্তদের প্রতি ধন্যবাদ জানান। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, “গত ৩০ বছর ধরে আমি বলিউডে কাজ করছি। সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট শিশুরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তাতে আমি অভিভূত। আমি ১৫০ কোটি মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি আরও বলেন, “আমি আদালতের প্রতিটি শুনানিতে উপস্থিত ছিলাম এবং আগামী দিনেও থাকব। ধন্যবাদ আদালতকে আমার পক্ষের সত্যটা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য।”
অভিযোগ অনুযায়ী, রাজপাল যাদব ৯ কোটি টাকার একটি ঋণ শোধ করতে ব্যর্থ হয়েছিলেন। অভিযোগকারী পক্ষের আইনজীবী অবনীত সিংহ সিক্কার দাবি— রাজপাল মোট সাতটি চেকে সই করেছিলেন, যার প্রতিটির অঙ্ক ছিল দেড় কোটি টাকা। চেকগুলো ব্যাংকে জমা দেওয়ার পর তা বাউন্স হয়।
এই অপরাধে আদালত প্রতিটি মামলার বিপরীতে তাঁকে তিন মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে প্রতিটি চেকের জন্য ১ কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানাও ধার্য করা হয়। উল্লেখ্য, এই নির্দেশনার পরই রাজপাল যাদব স্বেচ্ছায় তিহার জেলে আত্মসমর্পণ করেছিলেন।
যদিও রাজপাল বর্তমানে অন্তর্বর্তী জামিনে রয়েছেন, তবে তাঁর আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না। আগামী ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। রাজপাল ও তাঁর আইনজীবীরা আশা করছেন, আগামী শুনানিতে জরিমানার টাকা পরিশোধের একটি কার্যকর উপায় বের হবে।
বলিউডের জনপ্রিয় এই অভিনেতার হঠাৎ কারাবরণ ও মুক্তি নিয়ে গত কয়েক দিন ধরে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা ও গুঞ্জন চলছিল। জামিনে মুক্তির পর এখন তিনি আবার কাজে ফিরবেন কি না, সেদিকেই তাকিয়ে তাঁর ভক্তরা।